শিরোনাম

রংপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬৪ পরিবার পেল সোয়া ২ কোটি টাকা

রংপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬৪ পরিবার পেল সোয়া ২ কোটি টাকা

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ জনের পরিবারকে মোট ২ কোটি ১৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহতদের পরিবার, গুরুতর আহত এবং দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা ব্যক্তিদের এ সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকা, গুরুতর আহত ১৮ জনকে এক লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা ১৬ জনকে তিন লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত এ সহায়তার চেক বিতরণ করছে।

তিনি বলেন, “যাঁদের আজ আর্থিক সহায়তা দেওয়া হলো, তাঁদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। অনেকের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আবার কেউ শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ফলে এসব পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতেই এ অর্থ দেওয়া হচ্ছে।”

জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “একটি পরিবারের কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হলে সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার প্রত্যাশা করে, প্রাপ্ত অর্থকে মূলধন হিসেবে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর