আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী নৃত্য-গানের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লুস সরেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, সাবেক ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চলের (সিএমএলআরপি) কর্মসূচি কর্মকর্তা সীমা মুর্মু এবং সমাজকর্মী মৃণাল কান্তিসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা বাংলাদেশের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।