জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিল। পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চারজনে। মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত মোটরসাইকেল আরোহীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তিনজন হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।