নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদৌসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, ‘ছাত্রদল কর্মী অনিক, তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন এসে আমার ওপর হামলা করে। তাঁরা মূলত আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে হামলা করে।’
তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে কাজ শুরু করায় তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। পাশাপাশি মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, ‘ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তাঁর সঙ্গে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনো কোনো কথা হয়নি। কেন ফেরদৌস সাহেব আমার নাম বলছেন বা কার প্ররোচনায় বলছেন, সে বিষয়ে উনিই বলতে পারবেন।’
হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে তাঁর ওপর হামলা হয়েছে। তবে কেন হয়েছে, সেটি বলতে পারছি না।’
না।’