শিরোনাম

নরসিংদীর বেলাবোতে ১ হাজার কৃষকের মাঝে বোরো ও সরিষার বীজ বিতরণ করল এ্যাব

নরসিংদীর বেলাবোতে ১ হাজার কৃষকের মাঝে বোরো ও সরিষার বীজ বিতরণ করল এ্যাব

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তায় নরসিংদীর বেলাবো উপজেলায় প্রায় ১ হাজার কৃষকের মাঝে উন্নত জাতের বোরো ধান ও সরিষার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় ১ হাজার প্রান্তিক কৃষকের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে প্রণোদনা হিসেবে ১০ কেজি করে উন্নত জাতের বোরো ধানের বীজ এবং ১ কেজি করে সরিষার বীজ দেওয়া হয়।

বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মাহবুবুর রশিদ, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান, শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন এবং বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী।

এ ছাড়া এ্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা জরুরি। বিশেষ করে রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ এবং বোরো ধানের উৎপাদন বাড়াতে উন্নতমানের বীজ বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতেও সহায়তা করবে।

বক্তারা আরও বলেন, কৃষির উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে হবে। কৃষকদের কাছে সময়মতো কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া গেলে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন আরও বাড়বে।

অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর