শিরোনাম
প্রতারণার সতর্কতা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র। এ ধরনের ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে আসা একটি ভুয়া অফিস আদেশে মো. রেদুয়ান আহম্মেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। গত ১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া আদেশে বলা হয়, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি মোতাবেক তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।

মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে পড়ে কোনো অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং নিয়োগের বিভিন্ন ধাপের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ তৈরি করে প্রতারণা করছে। এ কারণে চাকরি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর