রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। তিনি বলেছেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, “রংপুরে চার খুনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, খেলা কতটা জরুরি। মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায় হলো তাদের খেলার মাঠে নিয়ে আসা।”
তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তাদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও খেলাধুলার ভূমিকা রয়েছে। তাই তরুণদের জন্য পর্যাপ্ত মাঠ ও খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে দেবীগঞ্জ পৌরসভা একাদশ ৪-৩ গোলে আটোয়ারী উপজেলা একাদশকে পরাজিত করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।