রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় পুলিশের বর্তমান ও সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ আবাসিক হোটেলে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা ডার্বি সিগারেটের প্যাকেট থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়।
অভিযানের সময় ওই কক্ষে অবস্থানরত ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অন্যদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত আছেন।