শিরোনাম

রাজশাহীতে জামিন পেয়ে আইনজীবীর ওপর হামলার অভিযোগ, আটক ৪

রাজশাহীতে জামিন পেয়ে আইনজীবীর ওপর হামলার অভিযোগ, আটক ৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আদালত থেকে জামিন পাওয়ার পর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে আদালত চত্বরের পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। পরে স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ এগিয়ে এসে হামলাকারীদের কয়েকজনকে আটক করেন। এ সময় আটক ব্যক্তিদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত আইনজীবী ইয়ামিন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ইয়ামিন আলীর সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার মামলার শুনানিতে আসামিরা আদালতে হাজির হন। পরে আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার পরপরই তাঁরা ইয়ামিন আলীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলার সময় ইট, বাঁশ ও লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। হামলায় ইয়ামিন আলীর মাথা ফেটে যায়। প্রাণ বাঁচাতে তিনি আদালত চত্বরের পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানেও তাঁর ওপর আক্রমণ চালায়।

এ সময় উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ এগিয়ে এসে হামলাকারীদের কয়েকজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় পুলিশি হেফাজতে নেওয়া চারজন হলেন—মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক। জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ইয়ামিন আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়ামিন আলী অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এর আগেও প্রতিপক্ষের লোকজন তাঁর বাম হাত ভেঙে দিয়েছিল। ওই ঘটনায় তিনি মামলা দায়ের করেছিলেন। কিন্তু সেই মামলায় আসামিরা জামিন পাওয়ার পরই তাঁর ওপর আবার হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এতে আইনজীবীদের পেশাগত নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।

অন্যদিকে, রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।

আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এমন হামলার ঘটনায় আইনজীবী মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর