বাগেরহাটের রামপালে ৩২১ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র)।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার। এ সময় প্রতিষ্ঠানের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিষেক কুমার বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এ এলাকার মানুষের কল্যাণে অতীতেও পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। এলাকার শিক্ষা ও সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে চায় বলেও তিনি জানান।