জামালপুরের মাদারগঞ্জে একটি ইসলামী ওয়াজ মাহফিলের মঞ্চে অতিথির আসনে উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সুলতানা আক্তার নিশুর বসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে ও ফেসবুকে আলোচনা-সমালোচনা চলছে।
শুক্রবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ সরকারবাড়ী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। মাহফিলের মঞ্চে একজন নারী রাজনৈতিক নেত্রীকে অতিথির আসনে বসে থাকতে দেখে উপস্থিত মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্নজন নিজেদের মতামত প্রকাশ করেন। কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ভিন্ন দৃষ্টিকোণ থেকে মন্তব্য করেছেন।
তবে এ বিষয়ে সুলতানা আক্তার নিশু, মাহফিল আয়োজক কমিটি কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি।