মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স’ (সিওএ)-এর ৪৩তম আসরে ‘মোস্ট ইফেকটিভ ইমিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটর’ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক ও কনটেন্ট নির্মাতা আমিনুল বাহার।
২৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত এ আয়োজনে ভারতীয় অভিনেত্রী ও উদ্যোক্তা রাকুল প্রীত সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমিনুল বাহারের হাতে সম্মাননা তুলে দেন।
আমিনুল বাহার দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করে আসছেন। তিনি এ বি কনসালটেন্সি লিমিটেডের প্রধান ইমিগ্রেশন পরামর্শক, এ বি ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজনেস টিপস ৩৬০-এর প্রতিষ্ঠাতা।
তার কনটেন্টে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া, আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা সাক্ষাৎকারের প্রস্তুতি, করব্যবস্থা, ব্যবসা এবং বিদেশে কাজ, পড়াশোনা ও বসবাসের সুযোগসংক্রান্ত বিষয় গুরুত্ব পায়।
জটিল নিয়মকানুন সহজ ভাষায় তুলে ধরে দর্শকদের সচেতন করা তার কনটেন্টের অন্যতম লক্ষ্য। বিশেষ করে ভিসা ও ইমিগ্রেশনসংক্রান্ত ভুল তথ্য এবং প্রতারণার ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে নির্ভরযোগ্য তথ্য সহজভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।
ডিজিটাল মাধ্যমেও আমিনুল বাহারের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখের বেশি।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দিক তুলে ধরে। তথ্যভিত্তিক ও জনসচেতনতামূলক কনটেন্টের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জনের সুযোগ রয়েছে, আমিনুল বাহারের এ অর্জন তার একটি উদাহরণ।
এ স্বীকৃতির মধ্য দিয়ে আমিনুল বাহারের পেশাগত জীবনে নতুন একটি অর্জন যুক্ত হলো। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কনটেন্ট নির্মাতাদের কাজ তুলে ধরার ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।