বাগেরহাটের রামপালে শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত ‘অগ্রযাত্রা’ প্রকল্পের উদ্যোগে অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার সুরক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।