নরসিংদীর পলাশে এক নারীকে ধর্ষণ ও এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্র জানায়, গ্রেপ্তার অপূর্ব চন্দ্র দাস উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। এ সুযোগে গত বছরের ২০ জুন রাতে বসতঘরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরবর্তীতে শিশুটির পিতৃপরিচয় ও নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা সৃষ্টি হলে তিনি আদালতে মামলা করেন।
মামলা দায়েরের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে গত ২৭ সেপ্টেম্বর পলাশের পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ভুক্তভোগী নারী ও শিশুর পরিচয় গোপন রাখা হয়েছে।