নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক নাঈম ইসলাম (২৬)। রিপোর্ট দিতে দেরি হওয়ায় তিনি চিৎকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিভাগের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে নাঈম ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করেন। পরে তাঁকে নীলফামারী সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, চিকিৎসককে মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।