শিরোনাম

বাংলাবান্ধায় জালে উঠল ১২ ফুটের বার্মিজ অজগর, উদ্ধার বন বিভাগের

বাংলাবান্ধায় জালে উঠল ১২ ফুটের বার্মিজ অজগর, উদ্ধার বন বিভাগের

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় মহানন্দা নদীতে মাছ ধরার জালে প্রায় ১২ ফুট লম্বা একটি বার্মিজ অজগর আটকা পড়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের মহানন্দা নদী থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি মহানন্দা নদীতে মাছ ধরছিলেন। এ সময় তাদের জালে অজগরটি আটকা পড়ে। পরে তারা সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে তেঁতুলিয়া বন বিভাগের কার্যালয়ে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা মনির জানান, সকালে নদীতে মাছ ধরার সময় তাদের জালে অজগরটি আটকা পড়ে। সাপটি দেখতে সেখানে অনেক মানুষ জড়ো হন। পরে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট। বর্তমানে এটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত স্থানে অজগরটিকে অবমুক্ত করা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই থেকে তিন বছরে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় কয়েক দফা বার্মিজ অজগরের দেখা মিলেছে। এর মধ্যে স্থানীয়দের সহায়তায় পাঁচটি অজগর উদ্ধার করেছে পঞ্চগড় বন বিভাগ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর