শিরোনাম
সেচসংকটে ৫০০ হেক্টর জমি

শিল্পবর্জ্যে দূষিত পঁচানালা, ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থী

শিল্পবর্জ্যে দূষিত পঁচানালা, ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুরে কলকারখানার বর্জ্য ও পৌর এলাকার নোংরা পানিতে দূষিত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পঁচানালা খাল। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে খালজুড়ে জমেছে ময়লা-আবর্জনা। কালো পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। অন্যদিকে খালের পানি দূষিত হওয়ায় সেচসুবিধা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৫০০ হেক্টর জমির কৃষকেরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের উত্তর দিকে বোতলাগাড়ি ইউনিয়নের কয়া বিল থেকে পঁচানালা খালের উৎপত্তি। এরপর সৈয়দপুর পৌর এলাকার ভেতর দিয়ে প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করে খালটি রংপুরের বদরগঞ্জের বারাতি নদীতে গিয়ে মিশেছে। খালটি প্রায় ১০ ফুট গভীর ও ৩০ ফুট প্রশস্ত হওয়ার কথা। ১৮২২ সালে তৎকালীন জমিদার পঁচা সরকার এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে খালটি খনন করেন।

একসময় এ খালের পানি সৈয়দপুর পৌর এলাকার কিছু কৃষিজমিসহ বোতলাগাড়ি, কামারপুকুর ও বাঙালিপুর ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমিতে সেচের কাজে ব্যবহার করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলা এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় খালটির পানি এখন সেচের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সৈয়দপুর পৌরসভার নালা-নর্দমার নোংরা পানি এবং বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানার বর্জ্য পঁচানালা খালে গিয়ে পড়ছে। এতে পানিদূষণের পাশাপাশি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, প্রতিদিন বিপুলসংখ্যক মশার উৎপত্তি হচ্ছে দূষিত এই পানিতে।

সরেজমিনে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে পঁচানালা সেতু এলাকায় গিয়ে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পানির রং কালচে হয়ে গেছে। চারপাশে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। খালের পাশেই শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের।

সৈয়দপুর শহরের রংপুর-দিনাজপুর সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় সেতুর নিচে থাকা নালা দিয়ে শিল্পকারখানার বর্জ্য খালে এসে পড়ছে। একইভাবে উপজেলা সড়কের পঁচানালা সেতুর নিচে শহরের বড় নর্দমা থেকে নিয়মিত নোংরা পানি মিশছে খালের পানিতে। ফলে দূষণের মাত্রা বাড়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক মহসিন আলী বলেন, আগে পঁচানালার পানি দিয়েই তাঁদের জমিতে সেচ দেওয়া হতো। কিন্তু এখন খালের পানি কালো ও দূষিত হয়ে পড়েছে। এ কারণে সেই পানি আর জমিতে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই পঁচানালা খাল হওয়ায় তাদের প্রতিনিয়ত দুর্গন্ধ ও মশার উপদ্রবের মধ্যে থাকতে হচ্ছে। দুর্গন্ধের কারণে স্কুলসংলগ্ন মাঠে খেলাধুলা করতেও সমস্যা হচ্ছে। শ্রেণিকক্ষে মশার কামড়ে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এসব মশা ডেঙ্গুর বাহক কি না, তা নিয়েও তাদের মধ্যে আতঙ্ক রয়েছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করছে। কিন্তু পঁচানালা খালে মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। খালের পানি সেচের উপযোগী করা এবং মশার উৎপত্তিস্থল নির্মূলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম বারী জয় বলেন, বদ্ধ পানিতে মশার বংশবিস্তার হতে পারে। দূষিত পরিবেশ ও মশার কামড়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ধরনের পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল দূর করা গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, দূষণের কারণে পঁচানালার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর এলাকার নোংরা পানি ও বিসিক শিল্পনগরীর বর্জ্য খালে ফেলার কারণে মশার বংশবিস্তারও বাড়ছে। পৌরসভার নোংরা পানি পঁচানালায় না ফেলতে কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ্ ফাতিহা তাকলিমা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিনের দূষণে পঁচানালা খালের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং কৃষিজমিতে সেচের ব্যবস্থা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর