সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পিয়ার আলী গাজী (৮৪) নামে এক বৃদ্ধের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ পিয়ার আলী গাজী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের বসন্তপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে যান তিনি। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে গিয়েও তাঁকে না পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়।
খবর পেয়ে বিজিবি, কালিগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালালেও তাঁর কোনো সন্ধান পাননি।
শুক্রবারও খুলনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রাখে।
নিখোঁজ বৃদ্ধের ছেলে আব্দুস সবুর বলেন, তাঁর বাবা বার্ধক্যজনিত কারণে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা সব সময় তাঁকে নজরদারিতে রাখতেন। কীভাবে তিনি সবার অজান্তে নদীর দিকে চলে গেলেন, তা বুঝতে পারছেন না।
স্থানীয়দের ধারণা, নদীতে মাছ ধরার সময় তিনি কুমিরের আক্রমণের শিকার হয়ে থাকতে পারেন অথবা অসুস্থ হয়ে নদীর স্রোতে ভেসে গেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।