শিরোনাম

দুই যাত্রী নিহতের পর ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ

দুই যাত্রী নিহতের পর ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হওয়ার পর ওই মহাসড়কে পরিবহনটির বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

পরিবহনটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে তিনি এ ঘোষণা দেন। পরে তাঁর আশ্বাসে মহাসড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ইয়াসিন (২২) ও বাবলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানান। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরিবহনটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর