নাটোর প্রতিনিধি. নাটোরের বাগাতিপাড়ায় গভীর রাতে বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংক ভবনে আগুনের সূত্রপাত ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক শফিউল হাসান ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি কাঁচের বোতল ও কিছু পোড়া কাপড়ের টুকরো উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে