ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে যুবদলের মিছিলে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪২) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ইউসুফ মুন্সী সদরপুর সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর মোড় থেকে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ মুন্সী বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। পরে যুবদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে সদরপুর থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তাঁরা মিছিল করছিলেন। এ সময় ইউসুফ মুন্সী বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে তাঁকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামে এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।