কৃষিজমি ও পরিবেশ রক্ষায় রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া একটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপজেলার কুমিতপুর ইউনিয়নে অবস্থিত এমএফএম, এমইউএম ও এবিএস ব্রিকস নামের তিনটি ইটভাটায় পরিবেশবান্ধব চিমনি না থাকায় সেগুলো ভেঙে ফেলা হয়। অন্যদিকে, এসএফডি ব্রিকসের অনুমোদন না থাকলেও পরিবেশবান্ধব চিমনি থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া, পরিদর্শক মাসুদুর রহমান, বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মানসুরা বেগমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, পীরগঞ্জ উপজেলায় ৫৪টি অবৈধ ইটভাটা রয়েছে। এসব ইটভাটার কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। ক্ষতিকর কার্যক্রম বন্ধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযানকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।