মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়ী থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের পাথরের একটি শিবমূর্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বিকালে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ান তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির ওজন ৯৪ কেজি যার বাজার মূল্য ৯৪ লক্ষ টাকা বলে ধারণা বিজিবির।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মেহেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফয়েজুর রহমান ফয়েজ অভিযান পরিচালনা করে মূর্তিটি জব্দ করেছেন। ৪৭ বিজিবির সহকারি পরিচালক নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত শিব মূর্তিটি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন মূর্তিটির মূল্য প্রায় ৯৪ লক্ষ টাকা বলে প্রাথমিক ধারণা করছেন।