উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় কারখানায় পৌঁছালে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ ও জুনিয়র পার্সোনাল অফিসার (জিপিও) নূর ই আলম। এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাও এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট সেলুন কোচ (১২৬৫) ঘুরে দেখেন। পরে কারখানার প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কারখানার বিভিন্ন শপে কোচ ও ভ্যান মেরামতসহ উৎপাদন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম ও বৃহৎ রেলওয়ে কারখানার ঐতিহাসিক অবদান ও কারিগরি সক্ষমতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশের রেলখাতের আধুনিকায়ন, নিরাপদ পরিবহনব্যবস্থা এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

কারখানা পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে জাদুঘর, ঐতিহাসিক চিনি মসজিদ ও স্থানীয় একটি খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কারখানা প্রাঙ্গণে স্মারক হিসেবে দুটি গাছের চারা রোপণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তাঁর সফরকে কেন্দ্র করে কারখানা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
পরিদর্শন শেষে সৈয়দপুর রেলওয়ে কারখানার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।