শিরোনাম

আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছয় শিক্ষার্থীর সাফল্য

আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছয় শিক্ষার্থীর সাফল্য

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী ছয়টি সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে চারটি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক ও একটি বিশেষ সম্মাননা।

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বালিতে আয়োজিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবল অ্যাবিলিটি (আইওইএলএলএস)-২০২৬-এ বাংলাদেশ ছাড়াও আয়োজক দেশ ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও নেপালের শিক্ষার্থীরা অংশ নেয়।

পোস্টার প্রেজেন্টেশনের জুনিয়র ক্যাটাগরিতে দলগতভাবে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ষষ্ঠ শ্রেণির শাহলা আনজুম ও আরিয়া ইসলাম অদিত্রী এবং বাংলা ভার্সনের সপ্তম শ্রেণির দলনেতা মো. আল ইমতিয়াজ সিয়াম।

স্পেলিং বি প্রাইমারি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে ইংলিশ ভার্সনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ্ আস সাবের।

ইংলিশ অ্যান্ড লিডারশিপ অলিম্পিয়াডের জুনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক পেয়েছে বাংলা ভার্সনের অষ্টম শ্রেণির দয়িতা ইসলাম নাবা। একই প্রতিযোগিতার স্পেলিং বি প্রাইমারি ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পেয়েছে ইংলিশ ভার্সনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরশিয়া ইসলাম অরোরা।

শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সাফল্যের পেছনে শিক্ষক, মেন্টর ও অভিভাবকদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি এবং গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

তারা বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় তুলে ধরা সম্ভব হয়েছে। এই জয় পুরো দেশের জন্য গর্বের বিষয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর