শিরোনাম

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ব একসঙ্গে’—এ স্লোগানে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চা চাষিদের নিবন্ধনের মধ্য দিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ আয়োজন শুরু হয়।

সকাল ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষি অংশ নেন।

পরে বেলুন উড়িয়ে সম্মেলন ও মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ অতিথি ও চা চাষিরা।

বক্তারা বলেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সময়মতো সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানো প্রয়োজন। অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, চা পাতার গুণগত মান বাড়াতে হাতে পাতা তোলার পরিবর্তে যন্ত্রের ব্যবহার বাড়ছে। কৃষকদের ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা তোলার মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। চাষিরা যাতে উৎপাদিত চায়ের ন্যায্য দাম পান, সে জন্য কর্মশালার মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চা পাতা কেনাবেচায় সিন্ডিকেট ঠেকাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চাষিরা সতর্ক রয়েছেন বলেও জানান তাঁরা।

তবে চা চাষিদের রাসায়নিক সারের সংকট দ্রুত সমাধানের দাবি জানান বক্তারা। তাঁদের মতে, এ সমস্যার সমাধান না হলে চা উৎপাদন ব্যাহত হতে পারে।

দিনব্যাপী আয়োজনের শেষপর্বে বিকেলে চা চাষিদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর