শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত অনিতা রানী মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এবারও তাঁর পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে নিজ বাড়িতে এ বস্ত্র বিতরণ করা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের প্রয়াত মা অনিতা রানী মজুমদারের স্মরণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিতা রানী মজুমদারের স্বামী মনোরঞ্জন মজুমদার। তিনি খুলনা নগরীর খালিশপুরে অবস্থিত স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এ ছাড়া পরিবারের সদস্য ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রয়াত অনিতা রানী মজুমদারের স্মৃতি ধরে রাখতে তাঁর পরিবার প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে এ কর্মসূচি পালন করে আসছে।
উল্লেখ্য, অনিতা রানী মজুমদার ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে তাঁর স্মরণে পরিবারটি প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছে।