হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে কুমিল্লা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
আল্লামা নুরুল হক কুমিল্লার সুয়াগঞ্জ এলাকার বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পৈতৃক নিবাস জেলার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে। মৃত্যুকালে তিনি ১০ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলের দ্বীনি শিক্ষার পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দানের প্রার্থনা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে দুপুর ২টায় নিজ গ্রাম দাতামায় তাঁকে দাফনের কথা রয়েছে। তাঁর একমাত্র জামাতা মাওলানা নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।