উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রংপুর অঞ্চলে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার পর্যন্ত তিস্তা অববাহিকার কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানির উচ্চতা বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা তীরবর্তী কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীসংলগ্ন পাটক্ষেত ও আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢল অব্যাহত থাকায় মঙ্গলবার পর্যন্ত তিস্তা নদীর কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তা অববাহিকার উত্তরের পাঁচ জেলার কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলায় ৮৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রংপুর মহানগরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এ অবস্থায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।