ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখায় তাদের আটকে দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা দেড়টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
এ সময় কুসুমপুর বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চারজন শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
বিজিবির পক্ষ থেকে বিষয়টি বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। একই সঙ্গে পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।