শিরোনাম

‘থানা জ্বালিয়ে দেওয়ার’ হুমকি, রামগঞ্জের ওসিকে তিন দিনের আলটিমেটাম

‘থানা জ্বালিয়ে দেওয়ার’ হুমকি, রামগঞ্জের ওসিকে তিন দিনের আলটিমেটাম

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে তাঁরা এ হুমকি দেন বলে জানা গেছে।

অভিযুক্ত দুজন হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে ওসিকে উদ্দেশ করে আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে পুলিশ হয়রানি করলে ছাড় দেওয়া হবে না। তিনি ওসিকে উদ্দেশ করে তিন দিনের সময়সীমা বেঁধে দেন এবং করপাড়া ইউনিয়নে ‘জয় বাংলা’ স্লোগান প্রতিধ্বনিত হওয়ার কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ওসি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকিমূলক কথা বলেন।

একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির সরকারি মুঠোফোন নম্বরে কল করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি বলেন, বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আটক বা হয়রানি করা হলে পুলিশের পরিণতি খারাপ হবে। এ সময় তিনি থানা জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেন এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা জানতে চান।

তবে ফেসবুক লাইভটি কখন ও কোথা থেকে করা হয়েছে এবং ফোনালাপের রেকর্ডটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মুঠোফোনে কল করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর