শিরোনাম

‘দলীয় প্রার্থী হারলে উন্নয়নকাজ বন্ধের হুমকি চিফ হুইপের বক্তব্যে জামায়াতের নিন্দা

‘দলীয় প্রার্থী হারলে উন্নয়নকাজ বন্ধের হুমকি চিফ হুইপের বক্তব্যে জামায়াতের নিন্দা
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ না করার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মীসভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করা হবে না। তাঁর মতে, এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, চিফ হুইপ তাঁর বক্তব্যে দলীয় প্রার্থী বিজয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষ উন্নয়নসুবিধা থেকে বঞ্চিত হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্য প্রার্থী নির্বাচিত হলে তাঁর কাছে গিয়ে কোনো কাজ পাওয়া যাবে না—এমন বক্তব্যও দিয়েছেন বলে দাবি করেন তিনি।

জুবায়ের বলেন, এ ধরনের বক্তব্য স্থানীয় সরকারব্যবস্থায় হস্তক্ষেপের হুমকি, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সৃষ্টির চেষ্টা। তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রী অতীতের কর্তৃত্ববাদী শাসনামলের মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে। নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন বক্তব্য ও আচরণ অগ্রহণযোগ্য উল্লেখ করে জুবায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর