শিরোনাম

দক্ষিণাঞ্চলের ৩৭১ পূজামণ্ডপে কোস্ট গার্ডের নজরদারি

দক্ষিণাঞ্চলের ৩৭১ পূজামণ্ডপে কোস্ট গার্ডের নজরদারি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলাসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার ১৮টি উপজেলার ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন। ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহার মাঠ সর্বজনীন পূজামণ্ডপে কোস্ট গার্ড দক্ষিণ জোন আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন, জানান, দুর্গাপূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ জন্য দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি সহায়তার জন্য হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর