সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকায় একটি ডোবা থেকে কোহিনুর বেগম (৩৪) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে মাগুরা গ্রামের একটি রড-সিমেন্টের দোকানের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কোহিনুর বেগম উপজেলার খেলারডাঙা এলাকার মনসুর আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শরিফুল ইসলাম নামে এক ভ্যানচালক দোকানের পেছনে গিয়ে পানিতে কালো বোরকা পরা এক নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি দোকান মালিককে জানালে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সদর থানার ওসি মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়। পরে ফোন ও তদন্তের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।
ওসি মো. মাহমুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।