পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেকোনো মূল্যে এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশ শেষে নীলফামারী শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।