শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর বিএনপিতে ঐক্যের বার্তা

প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর বিএনপিতে ঐক্যের বার্তা

দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য ও দূরত্ব ভুলে রংপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে একসঙ্গে দেখা গেছে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের। তাদের পাশাপাশি অবস্থান ও সক্রিয় অংশগ্রহণকে দলের তৃণমূল নেতাকর্মীরা ঐক্যের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান মিজু একসঙ্গে অংশ নেন। এ সময় মহানগরের ৩৩টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দীর্ঘদিন পর দলের গুরুত্বপূর্ণ নেতাদের একই কর্মসূচিতে পাশাপাশি দেখা যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শীর্ষ নেতাদের এই ঐক্য আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের প্রত্যাশা, পারস্পরিক মতপার্থক্য পেছনে ফেলে দলকে আরও শক্তিশালী করতে নেতারা সমন্বিতভাবে কাজ করবেন।

এদিকে একই দিন দুপুরে রংপুর টাউন হল মাঠ থেকে পৃথক র‌্যালি বের করে রংপুর জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে এতে রংপুর সদর উপজেলা বিএনপি ও জেলার সাত উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির র‌্যালিটিও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরজুড়ে বিএনপির সরব উপস্থিতি দেখা যায়।

মহানগর ও জেলা বিএনপির পৃথক কর্মসূচি হলেও মহানগরের শীর্ষ নেতাদের একসঙ্গে অংশগ্রহণকে ঘিরে তৃণমূলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের মতপার্থক্য কাটিয়ে সাংগঠনিকভাবে দলীয় নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবেন—এমন প্রত্যাশাই এখন তাদের।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর