শিরোনাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের কোনো শঙ্কা নেই।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর