নারায়ণগঞ্জের বন্দরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি গুদামের তুলা, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আড়াইটার দিকে প্রথমে আবু বকরের তুলার গুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও আটটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।