শিরোনাম

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে এবং বর্তমানে সমীবাদে মামার বাড়িতে থাকেন।

পুলিশ জানায়, সমীবাদ বাজার এলাকায় সন্ত্রাসীদের অবস্থান ও সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানের সামনে থেকে সাব্বিরকে আটক করা হয়।

তার কাছ থেকে বিভিন্ন মাপের লোহার পাইপ, স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও টুকরা, ড্রিল মেশিনের অংশ, ট্রিগার সদৃশ লোহার অংশ, একটি ফায়ারকৃত শটগানের কার্তুজ ও স্মার্টফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রায়পুরা থানায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এসব তথ্য জানান। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর