বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে ‘সংস্কৃতির সেতুবন্ধন, বন্ধুত্বের বন্ধন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম। দক্ষিণ কোরিয়ার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন জে কিউন, লি ওন হি, লিম হা ইয়ং ও ওহ গিউম চুল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরীয় ভাষায় অতিথিদের স্বাগত জানায়। পরে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বাংলাদেশের দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রতিভা তুলে ধরে। শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা ও পরিবেশনায় মুগ্ধ হন কোরীয় প্রতিনিধিদলের সদস্যরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ব্যাচ প্রদান। শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের সম্মাননা ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এ সময় তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন, মানবিক মূল্যবোধ ধারণ এবং আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মাসুদ, সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে, দক্ষিণ কোরিয়ার চার বন্ধুর উদ্যোগে বিদ্যালয়ের ভবন নির্মাণের বিষয়টি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়। তাঁদের এ উদ্যোগকে শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক সংস্কৃতি সম্পর্কে জানার ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার সুযোগ পাবে।