শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানে তা প্রয়োগ করা যাবে না বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জায়গা নির্বাচনের দিন ব্যালট। কোনো শিক্ষার্থী যেন রাজনৈতিক মতাদর্শের কারণে বঞ্চিত না হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠানের চেয়ারে বসে তা প্রকাশ করা যাবে না। রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালট রয়েছে। কোনো শিক্ষার্থী যেন রাজনৈতিক মতাদর্শের কারণে বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মায়েরও বড় অবদান রয়েছে। বাবা-মায়ের ত্যাগের মূল্য দিতে হলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু উচ্চশিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ থাকতে হবে।
দেশপ্রেম ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, দেশপ্রেম কখনো বিসর্জন দেওয়া যাবে না। বাংলাদেশ যেন কখনো অন্ধকারে না যায় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সমাজের বৈষম্য ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ জাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অট্টালিকা থাকলেও পাশের মানুষ না খেয়ে থাকতে পারেন। সন্তান দামি গাড়িতে স্কুলে গেলেও রাস্তার পাশে থাকা অসহায় শিশুটিকে সহযোগিতা করার সুযোগ রয়েছে। সমাজের মানুষের প্রতি এমন দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
জুলাই-আগস্টে শিশুদের হতাহতের প্রসঙ্গ টেনে কায়সার কামাল বলেন, ওই সময়ে অনেক শিশু হত্যার শিকার হয়েছে। ঘরে ঘুমিয়ে থাকা শিশুও হেলিকপ্টার থেকে ছোড়া গুলি জানালার কাচ ভেদ করে বুকে লেগে প্রাণ হারিয়েছে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি বলেন, দেশকে অন্ধকারের দিকে যেতে দেওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।