আনন্দ-উৎসাহ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি এসএ জিন্নাহ কবির বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব। জন্মাষ্টমী শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও বার্তা বহন করে।
পরে প্রধান অতিথি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।