ঠাকুরগাঁও সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী ২৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা-২০২৬ ব্যাচের গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের নিজেদের পাশাপাশি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই সাফল্যকে ভবিষ্যৎ পথচলার ভিত্তি হিসেবে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তিনি তাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং বক্তব্য দেন।
বক্তারা বলেন, গোল্ডেন এ প্লাস অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার ফল। এ অর্জন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পুরো উপজেলার জন্যও গর্বের বিষয়। উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে গোল্ডেন এ প্লাস পাওয়া ২৭০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও কৃতি সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।