শিরোনাম

পঞ্চগড়ে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, সাংবাদিকদের দেখে সরানোর চেষ্টা

পঞ্চগড়ে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, সাংবাদিকদের দেখে সরানোর চেষ্টা

পঞ্চগড়ে রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন—এমন অভিযোগ স্থানীয়দের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। ড্রেন নির্মাণকাজটি করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), পঞ্চগড়।

স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে তিন নম্বর ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি তাঁরা সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে নির্মাণকাজে থাকা নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তাঁদের দাবি, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে কাজ পরিদর্শন করে ইটের মান পরীক্ষা করা প্রয়োজন। নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর