শিরোনাম

সব ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সব ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে অভিবাসী ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এ সিদ্ধান্ত সব ধরনের মার্কিন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসী ভিসাসেবা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় আগে থেকেই নির্ধারিত ছিল, তাঁদের ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী কঠোর নীতি গ্রহণ করেছেন। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের পাশাপাশি তাঁর প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে বৈধ অভিবাসনপ্রক্রিয়াও কঠোর হয়েছে। বিভিন্ন কারণে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও ঘটছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্তে সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে মনে করা হয়। একই সঙ্গে ভিসাপ্রার্থীদের মূল্যায়ন আরও সামগ্রিক ও ধারাবাহিক করার বিষয়টিও প্রশিক্ষণের আওতায় রয়েছে।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও দেখা দিয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এক বিচারক বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশসংক্রান্ত একটি নীতি বাতিল করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এ নীতি গ্রহণের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের খবরটি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। পরে রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ সংশোধন করে স্পষ্ট করে যে সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্টই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর