শিরোনাম

১/১১-তে জেআইসিতে নির্যাতনের শিকার হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান: চিফ প্রসিকিউটর

১/১১-তে জেআইসিতে নির্যাতনের শিকার হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান: চিফ প্রসিকিউটর

১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ডিজিএফআই সদর দপ্তরে অবস্থিত জেআইসি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারক, প্রসিকিউশন ও সংশ্লিষ্টদের একটি প্রতিনিধিদল এ পরিদর্শনে অংশ নেয়।

চিফ প্রসিকিউটর বলেন, বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসি পরিদর্শন করা হয়েছে। এখানে বিভিন্ন সময়ে মানুষকে আটক রেখে নির্যাতন করা হতো। পরিদর্শনের মাধ্যমে বন্দিশালাটির নির্মম বাস্তবতা কিছুটা উপলব্ধি করা গেছে।

তিনি বলেন, গোপন এই বন্দিশালায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীসহ বহু মানুষকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। ১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসির একটি কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্য ও তদন্তে তথ্য পাওয়া গেছে।

আমিনুল ইসলাম বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কোনো নাগরিককে অহেতুক হয়রানি করা উচিত নয়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় অমানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসব বন্দিশালা প্রতিষ্ঠা করেছিলেন। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতের মানুষকে গুম করে এসব স্থানে আটকে রাখা হতো।

চিফ প্রসিকিউটর আরও বলেন, গুম ও নির্যাতনের অনেক ভুক্তভোগীর এখনো কোনো হদিস পাওয়া যায়নি। টিএফআই ও জেআইসিতে সংঘটিত গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। এরই মধ্যে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হয়েছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে দেশে যেন কোনো টিএফআই, জেআইসি বা ‘আয়নাঘর’ প্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর