লালমনিরহাটের কালীগঞ্জে চলন্ত ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে নয়টি বগি রেলক্রসিংয়ের ওপর আটকে পড়েছে। এ সময় ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ও রেলপথে প্রায় আড়াই ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।
রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনের নয়টি বগি রেলক্রসিংয়ের ওপর আটকে থাকে। অন্যদিকে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।
বগিগুলো মহাসড়কের ওপর থাকায় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় রেল চলাচলও। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীসহ কয়েক হাজার মানুষ।
পরে প্রায় আড়াই ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগিগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে দ্রুত সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।