শিরোনাম

ফকিরহাটে ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ফকিরহাটে ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বাগেরহাটের ফকিরহাটে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় কোহিনুর বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কোহিনুর বেগম বৈলতলী এলাকার মাহাতাব শেখের মেয়ে। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের জননী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওহিদুল রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্ত ও ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের খালা নিপা বেগম জানান, কোহিনুর বেগম তাঁর দ্বিতীয় স্বামী রাহাত হাসান এবং প্রথম পক্ষের তিন সন্তানকে নিয়ে বৈলতলীতে খালার বাড়িতে বসবাস করতেন। তাঁর ভাষ্য, কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে কোহিনুরের পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর