নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় অবস্থিত আলমগীর চিপস কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন। এ সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আল আমিন উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, কারখানাটিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানোর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে তিনি জানান।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও ফারাহ ফাতেহা তাকলিমা। কারখানার মালিক আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা।