শিরোনাম

গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের হাট-বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের হাট-বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাসস

রাজধানীর গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের দুই নম্বর খেলার মাঠসংলগ্ন ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আবাসিক এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমানো এবং খেলার মাঠের স্বাভাবিক পরিবেশ রক্ষার কথা উল্লেখ করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র।

সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ সংরক্ষণ, বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শিশুদের খেলাধুলার উপযোগী পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ওই স্থানে অস্থায়ী দোকানপাট বসানো, হাট-বাজার পরিচালনা ও বর্জ্য ফেলা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সরকারি কোয়ার্টারের ভেতরে এবং উভয় পাশের ফুটপাতেও দোকান বসানো যাবে না।

সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কোয়ার্টারের ভেতরে বাজার বসার কারণে ময়লা-আবর্জনা জমে থাকত এবং দুর্গন্ধ ছড়াত। পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমে আবাসিক এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারি আবাসিক এলাকার ভেতরে এভাবে বাজার পরিচালনা করা সমীচীন নয়। বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী সরকারি কোয়ার্টারে সাবলেট হিসেবেও বসবাস করেন বলে জানান তিনি।

বাজার বন্ধের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, অধিদপ্তরের এসডি ও এসও পর্যায়ের কর্মকর্তারা মৌখিকভাবে বাজারটি কলোনির পরিবেশের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার ও আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি কয়েকটি হাসপাতালও ঘুরে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর ওই পরিদর্শনের পরদিনই গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের হাট-বাজার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলো। তবে বাজার বন্ধের সিদ্ধান্তের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিদর্শনের সম্পর্ক সংশ্লিষ্ট সমাজকেন্দ্রের বিজ্ঞপ্তিতে নির্দেশনার পরিপ্রেক্ষিত হিসেবে উল্লেখ করা হলেও, সিদ্ধান্ত গ্রহণের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে আলাদা কোনো তথ্য জানানো হয়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর